ইপেপার / প্রিন্ট
থেমো না,পরাজয় মেনো না
–– সৈয়দ জাহিদ হাসান
মানুষের সাথে মানুষের অনেক দুর্ঘটনা ঘটবে,
তবু ভালোবাসতে হবে মানুষকেই।
দিনের রঙহীন আকাশ কেন
সন্ধ্যার সংস্পর্শে বহুবর্ণ হয়–
তার গূঢ় রহস্য শুধু মানুষই ভেদ করতে পারে।
তাই ভালোবাসতে হবে মানুষকেই।
হয়তো একঝাঁক মানুষ স্বেচ্ছায় অন্ধকারে হাঁটছে,
হয়তো একঝাঁক মানুষ পা দিয়েছে অসীম অনন্ত লোভে,
হয়তো একঝাঁক মানুষ কোনো অচল মতবাদকে সচল রাখতে
আচরণ করছে উন্মত্ত পশুর মতোন ;
তুমি নীরবে সহ্য করো, ক্ষমা করো,
নিঃশর্তে ভালোবাসো মানুষকে।
মানুষ ঠিক কত বড়ো এখনো তা স্পষ্ট নয়।
মহাবিশ্বে যা-কিছুর নামকরণ করেছে মানুষ
মানুষ যে তাদের চেয়ে বড়ো —
এটা ভেবে আমি খুব অহং বোধ করি।
যে দাঁড়াবার সে মানুষের বিপক্ষে দাঁড়াক,
আমি বুক ভরা ভালোবাসা নিয়ে মানুষের পক্ষে দাঁড়ালাম।
মানুষের কাঁধে হাত রেখে বললাম–
থেমো না, পরাজয় মেনো না,
যে মানুষ সে উজান ঠেলে সামনে চলে,
মানুষকে বিরামহীনভাবে সামনেই এগিয়ে যেতে হয়।