ইপেপার / প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, ভাঙ্গা, ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগাহ বাজার আড়িয়াল খাঁ নদের পানিতে পড়ে ইসমাইল মুন্সী(১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। সে ওই গ্রামের আসাদ মুন্সির ছেলে এবং পল্লীবেড়া ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসার শিক্ষার্থী।
আজ দুপুরে ফুটবল খেলার সময় ছিটকে পানিতে গিয়ে পড়লে পানি থেকে ফুটবল কুড়াতে গিয়ে মর্মান্তিক এ ঘটনার শিকার হয় সে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসমাইল তার সমবয়সী সঙ্গীদের নিয়ে নদীর পাশেই ফুটবল খেলার সময় ফুটবল ছিটকে পানিতে পড়ে যায়। এসময় সে ফুটবল কুড়াতে নদীর পানিতে নামে। এক পর্যায়ে সে তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধারের জন্য বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। এতে পাশে থাকা লোকজন তাকে উদ্ধারের জন্য পানিতে নামলেও এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন জেলেদের জাল দিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েও তার কোন সন্ধান পাননি। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফরিদপুরের ডুবুরী দলকে সংবাদ দেওয়া হয়। আজ সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষন চেষ্টা চালালেও তার কোন সন্ধান মিলেনি।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে নাসিরাবাদ ইউপি সদস্য মুন্সী মনিরুজ্জামান জানান, দুপুর একটার দিকে খবর পাই দুয়াইর গ্রামের ইসমাইল মুন্সী নামে এক মাদ্রাসা শিক্ষার্থী আড়িয়াল খাঁ নদীর পানিতে পড়ে নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। ঘটনাটি খুবই দুঃখজনক। মূলত ছেলেটি রোযা রাখার কারনে অনেকটা ক্লান্ত হয়ে পানিতে তলিয়ে যেতে পারে সন্দেহ করা হচ্ছে।
এ ব্যাপারে ভাঙ্গা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আবু জাফর জানান, খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। তবে প্রাথমিকভাবে আমাদের চেষ্টা ব্যর্থ হলে ফরিদপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
ডুবুরী দল এলে সম্মিলিতভাবে উদ্ধার তৎপরতা চালানো হয় । নদীপাড়ে উৎসুক শত শত মানুষ ভীড় করছে।
নিখোঁজ শিক্ষার্থীর বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা আহাজারি করছেন। ঘটনাটিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।